বিষণ্ণ দর্পণ
তাহলে কি সব কিছু ব্যর্থ হবে
নান্দনিক উৎসবের প্রকীর্ণ কাড়া কি কেউ
কোনোদিন বাজাবে না
তার দ্বারোদ্ঘাটন হবে না
ভুলেও কি পা মাড়াবে না কেউ
ওদিকে উৎসবে।
তা বলে তুমিও কি ফিরে যাবে।
বস্তুত কোথায় যাবে?
সকল গন্তব্যে আজ বিষণ্ণ বিদ্রুপ
চারদিকে ওঁৎ পেতে আছে ক্ষিপ্র হন্তারক
হয়তো তুমিই হবে তার
অন্তিম শিকার!
মাটির প্রণয়
জন্ম সত্য মৃত্যু সত্য, সত্য মহাকাল
চড়াচড়ে কী বিরাজে ভবের রাখাল
সূর্য সত্য চন্দ্র সত্য, সত্য গ্রহ-তারা
ঈষাণে বিক্ষুব্ধ মেঘে কিসের ইশারা?
মাতৃৃ সত্য পিতৃ সত্য, সত্য তরুলতা
কুটিল কুঠার নাশে ধীরোদাত্ত প্রথা
পূর্ব পুরুষের পথে আমি চলমান
কে কাকে হারালো নাকি সমান সমান?
ক্রোধ সত্য কাম সত্য, সত্য লোকাচার
মাটির প্রণয় রোষে কে করে পাচার
রোদ বৃষ্টি এ গতরে হলো একাকার
রক্ত ঝরে নদী হলো বিবিধ প্রকার।
শূন্য তিক্ত শূন্য সিক্ত, শূন্যে পারাপার
শূন্যেতে পরম তীর্থ শূন্যেতে সংসার।