এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কবি সৈকত আরেফিনের গল্পের বই 'মৃদু ব্যথা হতে পারে'। শুদ্ধ প্রকাশ থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী মোস্তাফিজ কারিগর।
এ বইয়ের বিষয়ে সৈকত আরেফিন সমকালকে বলেন, যুবকদেরও কিছু গল্প থাকে— অন্তর্লীন আনন্দের, হাহাকারের। সেসব গল্প হয়তো সময় করে বলা হয় না বা ইচ্ছে করে না বলতে, আলস্য লাগে, দ্বিধা হয়। বারান্দার টবে লাগানো অপরাজিতা যেদিন হঠাৎ করেই ফুলে ফুলে ভরে যায়, সেই ফুল দেখে যে তুমুল আনন্দ হয়— তা কি বলা যায় কাউকে? এ কি গল্প না জীবন! জীবনের ব্যর্থতা, গ্লানি! অপ্রাপ্তি! জীবনের দিকে তাকিয়ে কখনো তাই বুকের ভেতর মৃদু ব্যথা হতে পারে। না-ও হতে পারে। তবু হয়তো এটা প্রত্যয়ই, যদিও ঘোষণার স্বর অনুচ্চ, নরম। 'মৃদু ব্যথা হতে পারে'— এরকম ছটি খুবই মেদুর ও স্মৃতিভারাতুর গল্পের সংকলন।
মেলায় বইটি মিলছে শুদ্ধ প্রকাশের ৩৯৮ নং স্টলে। ৯৬ পৃষ্ঠার এ বইয়ের দাম রাখা হয়েছে ১৬০ টাকা